জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এ পদে মনোনয়নের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে। এ বিষয়ে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রির যে শর্ত ছিল, তা পরিবর্তন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে স্নাতক ডিগ্রিধারীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করলেন।




















