অভিনেতা সাইদুর রহমান পাভেল। মীরাক্কেলের মঞ্চ থেকে তার সফল পথচলা শুরু। এরপর নিজেকে তিনি অভিনয়ে সুপরিচিত করে তুলেছেন। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে রয়েছেন তিনি। এরই মধ্যে ক্যারিয়ারের অন্যতম সফল কাজ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক থেকেও বাদ পড়েছেন এই অভিনেতা।
এমন পরিস্থিতিতে বন্ধুদের নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পাভেল। তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
মুখোশ পরা একটি পুরুষ ডলের দিকে অপলক তাকিয়ে আছেন পাভেল- এমন একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি। সেখানে লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল mango mother queen son।’পাভেলের এই বক্তব্যে কাদের উদ্দেশে ইঙ্গিত করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে তার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপত্তিকর সেই ভিডিও প্রকাশের পর থেকেই নানা প্রতিক্রিয়ার মুখে পড়েছেন অভিনেতা। সেই সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ার খবরও তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বলা হচ্ছে, আপাতত একা হয়ে পড়েছেন তিনি। যারা বন্ধু বলে এতদিন পাশে ছিল, সঙ্গী ছিল সবাই হয়তো একটা দূরত্ব তৈরি করেছেন। সেই যাতনা থেকেই হয়তো পোস্টটি করেছেন পাভেল।
তবে সবই অনুমান। কিছুই নিশ্চিত নয়। পাভেলই একমাত্র বলতে পারবেন তার পোস্টের এই ক্যাপশনের উদ্দেশ্য কী!এদিকে অনেক বিতর্কের মধ্যেও নিজের ভক্ত-অনুরাগীদের পাশেই পাচ্ছেন পাভেল। তার পোস্টে অনেকে লিখছেন, যাই হয়ে যাক, পাভেলকে তারা ভালোবাসবেন। তারা অভিনেতাকে নতুন উদ্যমে কাজে ফেরার তাগিদও দিয়েছেন।



















