টঙ্গীতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) এ তথ্য জানান।
রুহুল আমীন মোল্লা বলেন, আইনি সহায়তা নিতে সোমবার বিকেল থেকে বেশ কিছু সময় তার চেম্বারে ছিলেন রুমি। টঙ্গী পশ্চিম থানায় করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানির তারিখ এখনো জানা যায়নি।
এ আইনজীবী আরও বলেন, রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে আইনি প্রক্রিয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান তিনি।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
পরে মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
এরপর থেকে রুমিকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। সোমবার রাতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
তবে তার আইনজীবী জানিয়েছেন, রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে করা মামলায় আইনি পদক্ষেপও নিয়েছেন।




















