প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার কেন পাখির মতো মন’ গানটি গাওয়ার পর আর কোনো চলচ্চিত্রে প্লেব্যাকে শোনা যায়নি তার কণ্ঠ।
জানা গেছে, সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার গান দিয়ে ফের চলচ্চিত্রের গানে ফিরলেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির। সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র্যাক রেডি হওয়ার পর আমাদের সবার কাছেই মনে হয়েছে গানটি পথিক নবীকে দিয়ে গাওয়ালে ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তারই জন্য তৈরি হয়েছে। পরবর্তী সময়ে যোগাযোগ করে মিউজিক ট্র্যাকটি তাকে পাঠানো হয়। তিনি শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে। অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।
দীর্ঘ সময় পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই শিল্পী।
এদিকে, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।
নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.