রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে প্রচলিত নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটিয়ে রাসায়নিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়ে ধারণা দেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই ছিল এর উদ্দেশ্য।
রাসায়নিক অস্ত্র কনভেনশনের তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৩৩ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। এতে রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও যথাযথ ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনএসিডব্লিউসির সদস্য সচিব কমডোর এম কিবরিয়া হক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত ব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।