প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর কাছে মেঘনা আলম

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আসনটি শূন্য হয়েছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর।
মেঘনা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেই প্রার্থী হিসেবে গতকাল ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মেঘনা। সাক্ষাৎ শেষে প্রকাশ করেছেন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজে।
মেঘনার পোস্ট করা ছবিতে দেখা গেল খালেদা জিয়ার আদলে শাড়ি পরেছেন। চুলেও তার মতো স্টাইল করে মাথায় রেখেছেন ঘোমটা। গলায় পরেছেন মুক্তার মালা। তার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’
তার ছবি দেখে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। একজন জানতে চান, মায়ের সাজে মেঘনা আলমকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল? জবাবে মেঘনা আলম জানান, ‘সত্যি বলতে, সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; আমি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলাম। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে ভালো লাগছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে স্ট্যাটাসে বিস্তারিত কিছু জানাননি মেঘনা।
মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘনা আলম সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সংসদকে কার্যকর করার প্রত্যাশা জানিয়ে দেওয়া তার স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.