প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
আবারও সেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেপ্তার করা হয়।
তবে সিআইডিতে কী মামলা রয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা।
সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তাকে গ্রেপ্তার করে সে সময়ের র্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় বাহিনীটি।
পরে জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানো হয়।
তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসেন।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.