প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

রাজনীতি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন অভিনেতা আরশ খান। সাম্প্রতিক সময়ে নারীদের ওপর হামলা ও বিভিন্ন ‘মব’ ঘটনার প্রসঙ্গ টেনে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেশে মানুষকে ছাপিয়ে দলীয় পরিচয়ই যেন বড় হয়ে উঠেছে।
আরশ খানের ভাষায়, “বাংলাদেশে আসলে মানুষ থাকে না। এখানে থাকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াত। সবকিছু ছাপিয়ে আমরা মানুষ—এটা ভুলে গিয়েছি।”
৯ সেপ্টেম্বর উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই অভিনেতা। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে নারীদের রাস্তায় মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে সাম্প্রতিক হামলার প্রসঙ্গেও কথা বলেন আরশ। তার মতে, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সমস্যা থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত।
আরশ বলেন, “দেশে আইন আছে। যদি কারও ব্যাপারে সমস্যা থাকে, তাহলে আইনের সাহায্য নিয়ে সেটা করা উচিত।”
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় থাকা আরশ খান সম্প্রতি ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, বর্তমানে এই শব্দটির সঙ্গে যে মূল্যবোধ, সততা ও নিরপেক্ষতা থাকার কথা ছিল, তা অনেকটাই নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
রাজনীতির বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আরশের এই মন্তব্য ইতোমধ্যে আলোচনায় এসেছে। তার বক্তব্যের মূল বার্তা—দলীয় পরিচয়ের আগে মানুষ, আর যেকোনো অভিযোগের সমাধান হওয়া উচিত আইনের পথেই।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.