প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
৮০’র দশকের ছবির ট্রেন্ড ঘিরে ভারতে বিজেপি ও কংগ্রেসের লড়াই

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরোপুরি রাজনৈতিক লড়াই শুরু হয়েছে ভারতীয় দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে।
জনপ্রিয় একটি ট্রেন্ডের মধ্য দিয়ে এর শুরু। ওই ট্রেন্ডে মানুষ চ্যাটজিপিটি দিয়ে ছবি প্রসেস করে সেগুলোকে এমনভাবে উপস্থাপন করছেন, যেন ছবিগুলো ১৯৮০-এর দশকে ফিল্ম ক্যামেরায় তোলা। সাধারণ ফিল্টারের মতো শুধু ছবিতে রঙের প্রভাব যোগ করে না এই টুল। বরং ছবির বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন করে, যেমন মুখমণ্ডল ও অন্যান্য অংশে কিছু যোগ বা বাদ দিয়ে মানুষকে ৮০-এর দশকের উপযোগী চেহারা দেয়া হয়।
শিগগিরই বিষয়টি রাজনৈতিক নেতাদের নজরে আসে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও পীযূষ গোয়াল এই ট্রেন্ডে প্রথম দিকের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন।
এক্সে দেয়া এক পোস্টে রিজিজু বলেন, ‘সবাই কেন ৮০-এর দশকের আবহে ফিরে যাচ্ছে? আমিও ৮০-এর দশকের নস্টালজিয়ায় ফিরে যেতে বাধ্য হলাম।’
গোয়ালও একটি স্মাইলি দিয়ে লেখেন, ‘৮০-এর দশকের ট্রেন্ডে মেতে উঠছি।’
তবে বেশিদিন লাগেনি ট্রেন্ডটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে।
কেরালার কংগ্রেস একটি এআই-নির্মিত ছবি পোস্ট করে। ছবিতে মারুতি সুজুকি ওমনি গাড়ির সামনের যাত্রীর আসনে টাকমাথার এক ব্যক্তিকে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘৮০-এর দশকের গুজরাটের একটি সড়ক।’
তবে রাস্তার পাশে একটি দেয়ালে লাগানো পোস্টারে হিন্দিতে লেখা ছিল, ‘দয়া করে হাসুন, আপনি দিল্লিতে আছেন।’
কংগ্রেসের ওই ‘৮০-এর দশকের ট্রেন্ড’ ছবির পোস্টে অনেকেই মন্তব্য করে বলেন, গুজরাটের দলটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
পোস্টটিতে মারুতি সুজুকি ওমনি গাড়ির বলিউডে বহুবার ব্যবহারের বিষয়টিও ইঙ্গিত করা হয়। ১৯৮৪ সালে ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রথম এই গাড়ি তৈরি করে। বলিউডে গুন্ডা ও খলনায়কদের পছন্দের বাহন হিসেবে গাড়িটির বহু উপস্থিতি ছিল। এ কারণে এটি ‘কিডন্যাপিং ভ্যান’ নামেও মিমে পরিচিতি পায়।
এর পাল্টা জবাব আসে বিজেপির তেলেঙ্গানা ইউনিটের পক্ষ থেকে। তারাও একটি এআই-নির্মিত ছবি পোস্ট করে। ছবিতে লাল পোশাক পরা এক নারীকে একটি বারের টেবিলের ওপর নাচতে দেখা যায়। তার পেছনে কাচের ক্যাবিনেটে সাধারণ বারের মতোই অসংখ্য মদের বোতল রাখা ছিল। চারজন পুরুষ ও একজন নারী ওই নারীর নাচ দেখছিলেন।
কংগ্রেসের ভ্যানের পোস্টটি পুনরায় পোস্ট করে বিজেপি যে ওই নারীর ছবিটি শেয়ার করে, তার বর্ণনায় লেখা ছিল, ‘লুসিয়ানা, ইতালি। আনুমানিক ১৯৭০-এর দশক।’
পোস্টটিতে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে এর মাধ্যমে ইতালির ওই শহরের প্রতি ইঙ্গিত করা হয়, যেখানে সোনিয়া গান্ধীর জন্ম।
চ্যাটজিপিটির ১৯৮০-এর দশকের ট্রেন্ডের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে রঙিন পোশাক, ছবিতে ফিল্ম গ্রেইনের প্রভাব, পেছনের কিছু উপাদান ফিকে করে দেয়া এবং তারিখের স্ট্যাম্পসহ ফিল্ম ক্যামেরায় তোলা ছবির মতো লুক।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.