প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ক্যারিয়ারের প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন পরীমণি?
রুপালি পর্দায় পা রাখার শুরুতেই বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন পরীমণি। ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয়ের জন্য তিন লাখ টাকা পান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র জীবনের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে এর আগেই ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। নানা জটিলতায় সিনেমাটি মুক্তি পায়নি।
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।
পরীমণি বলেন, পারিশ্রমিকের আড়াই লাখ টাকা নগদ পেয়েছি। বাকি ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়। সেই চেক আমি ওস্তাদের (পরিচালক) হাতে দিয়ে বলেছি, বাবুদের জন্য কিছু কিনে নেবেন।
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
পরীমণি অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.