প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নচিকেতার জন্মদিন উপলক্ষে চঞ্চলের বিশেষ উপহার

ভক্তরা তাকে বলেন ‘আগুনপাখি’। কথা-সুরে-গানে নচিকেতা চক্রবর্তী তো আসলে তেমনই। গতকাল ছিল ভারতের এই নন্দিত সংগীতশিল্পীর জন্মদিন। ভক্তদের ভালোবাসা পেয়েছেন। শুভেচ্ছা পেয়েছেন সতীর্থদের কাছ থেকেও।
নচিকেতার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। দিন পেরিয়ে মধ্যরাতে উপহারটি অবমুক্ত করেন সামাজিক মাধ্যমে। ডিজিটাল তুলিতে নচিকেতার পোট্রেট এঁকেছেন চঞ্চল।
এলো চুল, খোঁচা দাড়ি-গোঁফ, মুখে হাসি; বোতাম খোলা শার্ট, ভেতরে টি-শার্ট; নচিকেতার চেনা অবতার ফুটে উঠল চঞ্চলের আঁকা ছবিতে। ছবিটির সঙ্গে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। ছবিটি দেখে অনেকেই প্রশংসা করেছেন, শিল্পীকেও জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
প্রায় সবারই জানা, বহুগুণের মানুষ চঞ্চল। অভিনয়ের পাশাপাশি তিনি গাইতে জানেন, আঁকার হাতও দক্ষ। এর আগে তিনি হুমায়ূন আহমেদ, লিওনেল মেসি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, আফরান নিশো, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুসহ অনেক তারকার পোট্রেট এঁকেছেন।
উল্লেখ্য, নচিকেতার জন্ম ১৯৬৫ সালের ২ সেপ্টেম্বর কলকাতায়। তবে তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম অ্যালবামেই সাফল্য। জীবনমুখী গানের অনন্য শিল্পী হয়ে ওঠেন। এরপর বহু একক ও যৌথ অ্যালবাম করেছেন, গেয়েছেন সিনেমায়ও। অসংখ্য শ্রোতাপ্রিয় গান দিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.